উদয়পুর, ২৯ জুন: কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ধানের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে সোমবার গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে ‘স্ট্রেস টলারেন্ট ও হার্বিসাইড টলারেন্ট রাইস’ বিষয়ক এক প্রশিক্ষণ শিবির ও উন্নতমানের ধানের বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচির আয়োজন করে কটকের সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং সিকিমের আইসিএআর-ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডস। সহযোগিতায় ছিল ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, বাগমা অ্যাগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং কাকড়াবন অ্যাগ্রি ফার্মার্স ফেড প্রডিউসার কোম্পানি লিমিটেড।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, আইসিএআর-এনআরসিও-এর পরিচালক ড. শংকর প্রসাদ দাস, সিনিয়র বিজ্ঞানী ড. মীরধুল চক্রবর্তী, প্রিন্সিপাল সায়েন্টিস্ট ড. অরূপ কুমার মুখার্জী এবং বাগমা অ্যাগ্রি প্রডিউসার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুদীপ মজুমদার।প্রশিক্ষণ শিবিরে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিকূলতা সহনশীল ধানের জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বৈজ্ঞানিক উপায়ে আগাছা নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। কর্মসূচির শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে উন্নতমানের ধানের বীজ বিতরণ করা হয়।কৃষকদের মতে, এই ধরনের প্রশিক্ষণ ও উন্নত বীজের ব্যবহার ভবিষ্যতে ধানের উৎপাদন বৃদ্ধি, চাষের খরচ কমানো এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আধুনিক ধান চাষে জোর, উদয়পুরে কৃষকদের প্রশিক্ষণ ও উন্নত বীজ বিতরণ
