আগরতলা: ২০২৪ সালের TET পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের একসঙ্গে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা উত্তীর্ণদের এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা দফতরের সামনে চাঞ্চল্য দেখা দেয়।বিক্ষোভকারীদের দাবি, ২০২৪ সালের TET পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁরা এখনও নিয়োগের সুযোগ পাননি। পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না মেলায় তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আর দীর্ঘসূত্রতা না করে সমস্ত যোগ্য উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।চাকরিপ্রার্থীদের বক্তব্য, দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তার কারণে তাঁরা মানসিকভাবে হতাশ হয়ে পড়ছেন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।এখন দেখার বিষয়, TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এই দাবি নিয়ে শিক্ষা দফতর কী পদক্ষেপ গ্রহণ করে।
একসঙ্গে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে TET উত্তীর্ণদের বিক্ষোভ
