Headlines

এজিএমসিতে বাড়ল ১০০ এমবিবিএস আসন, এবার মোট ২৫০

আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরার চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বড় মাইলফলক। আগরতলা সরকারি মেডিকেল কলেজ (AGMC)-এ এমবিবিএস আসন সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চিকিৎসা শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য আরও ১০০টি আসনের সুযোগ তৈরি হল।এই আসন বৃদ্ধিকে ত্রিপুরার চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, নতুন আসন যুক্ত হওয়ায় রাজ্যের যুবসমাজের মধ্যে চিকিৎসা শিক্ষার সুযোগ আরও বাড়বে এবং ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবার জন্য আরও বেশি চিকিৎসক তৈরির পথ প্রশস্ত হবে।চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।২৫০টি এমবিবিএস আসনের অনুমোদনের ফলে দেশের ২৫০ আসনবিশিষ্ট উল্লেখযোগ্য মেডিকেল কলেজগুলির তালিকায় স্থান পেল এজিএমসি। এই তালিকায় রয়েছে নয়াদিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজ, আহমেদাবাদের বি. জে. মেডিকেল কলেজ, বেঙ্গালুরু মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, জয়পুরের এসএমএস মেডিকেল কলেজ, চেন্নাইয়ের মাদ্রাজ মেডিকেল কলেজ এবং লখনউয়ের কিং জর্জ’স মেডিকেল ইউনিভার্সিটিসহ অন্যান্য প্রতিষ্ঠান।মুখ্যমন্ত্রীর বক্তব্য, আজকের শক্তিশালী চিকিৎসা শিক্ষা ব্যবস্থা আগামী দিনের আরও সুস্থ ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *