রাজধানীর নন্দনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুই নাবালিকা ছাত্রীর মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক ছাত্রী গুরুতরভাবে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গেছে, স্কুল চলাকালীন দুই ছাত্রীর মধ্যে প্রথমে বচসা হয়। পরে তা হাতাহাতি ও মারপিটের পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, এই ঘটনায় স্কুলের বাইরের কয়েকজনেরও সম্পৃক্ততা ছিল। ফলে বিদ্যালয় চত্বরে বহিরাগতদের প্রবেশ ও তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনার পর আহত ছাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নাবালিকা ছাত্রীদের মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটল এবং সেই সময় শিক্ষক-শিক্ষিকাদের নজরদারি কতটা ছিল, তা নিয়েও অভিভাবকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।ঘটনার প্রকৃত কারণ কী এবং মারপিটে বহিরাগতদের ভূমিকা ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেও নজর রয়েছে।
নন্দনগর স্কুলে দুই ছাত্রীর মারপিট, জিবিতে ভর্তি এক! বহিরাগতদের ঘিরে উঠছে প্রশ্ন
