জোলাইবাড়ীতে গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ৮ বছরের শিশু তুষার মজুমদার। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা-মা। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ জোলাইবাড়ী ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। লতুয়াটিলা এলাকার বাসিন্দা সুশাঙ্কর মজুমদার স্ত্রী রেশমি রিয়াং মজুমদার ও ৮ বছরের ছেলে তুষারকে নিয়ে একটি বাইকে করে জোলাইবাড়ীতে গণেশ পুজো দেখতে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের কাছে আচমকাই বাইকের সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনজন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত তিনজনকে উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়।তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৮ বছরের তুষারের। বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বাবা ও মা।ঘটনার বিষয়ে নিহত শিশুর বাবা সংবাদমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি। পরে তুষারের জেঠু শংকর মজুমদার সংবাদমাধ্যমের কাছে দুর্ঘটনার বিস্তারিত ঘটনা তুলে ধরেন।এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাইকটি উধাও হয়ে যাওয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি কে বা কারা ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাইকটি সরিয়ে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখলে ঘটনার সম্পূর্ণ চিত্র সামনে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৮ বছরের তুষারের
