খোয়াই, ২৯ জুন: কল্যাণপুর থানার অন্তর্গত তোতাবাড়ি এলাকায় এসটি (ST) বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দৈনিক হাজিরা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম বিধু কপালি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াইয়ের প্রহরমুড়া এলাকার বাসিন্দা বিধু কপালি ঠিকাদার সমীরণ দেবনাথের অধীনে এসটি লাইনের রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত ছিলেন। অভিযোগ, কাজ চলাকালীন হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাইনে কাজ চলাকালীন কীভাবে বিদ্যুৎ সংযোগ চালু হলো, তা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন তারা।এলাকাবাসীর দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করা হোক।
এসটি লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
