Headlines

কদমতলা বাজারে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন

কদমতলা, ১৫ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা বাজারে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাজারের স্বর্ণপট্টি এলাকার বাসুদেব জুয়েলার্স-এ চোরের দল হানা দিয়ে প্রায় ৩ লক্ষ টাকার রুপোর অলঙ্কার ও অল্প পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে বাজারের নিরাপত্তা ব্যবস্থা এবং রাতের টহল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা দোকানের পিছনের একটি ছোট ঘরের টিনের ছাউনি কেটে ভিতরে প্রবেশ করে। এরপর মূল কক্ষের তিনটি তালা ভেঙে লকার নিয়ে পালানোর চেষ্টা করে। তবে লকারটি খুলতে না পেরে সেটি দোকানের পেছনের জানালার পাশে ফেলে রেখে যায়। শেষ পর্যন্ত লকারে থাকা মূল্যবান সামগ্রী নিতে না পারলেও দোকান থেকে রুপোর গয়না এবং কিছু স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়।দোকানের মালিক বরণ কান্তি নাথ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে তদন্ত করে দেখা যায়, দোকানের পিছনের টিনের ছাউনি কেটে চোরেরা ভিতরে প্রবেশ করেছিল।ঘটনার পর তিনি কদমতলা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ রাতের পাহারাদারদের নামের তালিকাসহ অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেয়। তবে ব্যবসায়ীদের দাবি, বাজারে প্রতিদিনই বেসরকারি নৈশ প্রহরী মোতায়েন থাকেন এবং পুলিশের টহলও চলে। এরপরও কীভাবে এমন বড় চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।উল্লেখ্য, গত কয়েক মাসে কদমতলা এলাকায় একাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদে সম্প্রতি কদমতলা ব্লক কংগ্রেস থানা ঘেরাও ও রাস্তা অবরোধ কর্মসূচিও পালন করেছিল। সে সময় পুলিশ প্রশাসন টহল বাড়ানো এবং ঘটনার তদন্তের আশ্বাস দিলেও বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং কদমতলা বাজারসহ গোটা এলাকায় রাতের পুলিশি টহল আরও জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *