আগরতলা, ১৫ জুলাই: উদয়পুর থেকে আগরতলা আসার পথে একটি মারুতি ইকো গাড়িতে ফেলে আসা গুরুত্বপূর্ণ নথিপত্র-সহ একটি ব্যাগ এখনও উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগে রয়েছেন বিশ্বজিৎ দে। ঘটনায় তিনি আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুলাই উদয়পুর থেকে মারুতি ইকো গাড়িতে করে আগরতলায় আসেন বিশ্বজিৎ দে। বটতলা এলাকায় গাড়ি থেকে নামার প্রায় ২০ মিনিট পর তিনি বুঝতে পারেন, তাঁর একটি ব্যাগ গাড়ির মধ্যেই রয়ে গেছে।এরপর তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাহায্য নেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট গাড়ির নম্বর শনাক্ত করা হয়। পরে গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করা হলে চালক দাবি করেন, তাঁর গাড়িতে কোনো ব্যাগ পাওয়া যায়নি।ব্যাগটি উদ্ধার না হওয়ায় ১৫ জুলাই আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ দে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, হারিয়ে যাওয়া ব্যাগে জমির দলিল, পর্চাসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, যা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান।তিনি আবেদন জানিয়েছেন, কোনো সহৃদয় ব্যক্তি যদি ব্যাগটি পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যাগটির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
মারুতি ইকোতে ফেলে আসা ব্যাগের খোঁজ নেই! গুরুত্বপূর্ণ জমির নথি হারিয়ে উদ্বিগ্ন মালিক
