উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবি করল কাঁকড়াবন থানার পুলিশ। হদ্রা–সমতল পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি বাইকসহ তিন যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।কাঁকড়াবন থানার ওসি গোপাল শুক্ল দাস জানান, অভিযানে আটক যুবকদের কাছ থেকে মোট ৯.৪২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। আটক অটোরিকশার নম্বর TR-03-D-3656 এবং বাইকের নম্বর TR-03-N-6986।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক যুবকদের মধ্যে আর্জন আলী সমতল হদ্রা এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যাটারি চালিত অটোরিকশাচালক। অপর যুবক আলমগীর হোসেনের বাড়ি পূর্ব পালাটানা এলাকায়। তৃতীয় যুবকের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।মাদক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল এবং পরে কাঁকড়াবন থানায় পৌঁছান এসডিপিও দেবাঞ্জলি রায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।তবে পুলিশের দাবির পাল্টা অভিযোগ করেছেন আটক আর্জন আলীর স্ত্রী। তাঁর দাবি, তাঁর স্বামীকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে এবং তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। ফলে পুলিশের উদ্ধার সংক্রান্ত দাবি এবং পরিবারের পাল্টা অভিযোগ—দুই দিকই তদন্তের আওতায় রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকদের আদালতে সোপর্দ করা হবে। আদালতে পুলিশের পক্ষ থেকে কী তথ্য ও প্রমাণ পেশ করা হয় এবং তদন্তে প্রকৃত ঘটনা কীভাবে সামনে আসে, এখন সেদিকেই নজর।
কাঁকড়াবনে হেরোইন উদ্ধারের দাবি, আটক ৩ যুবক
