উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর শহর থেকে বিভিন্ন গ্রামীণ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এবার গকুলপুর শাস্ত্রীয় সংঘ এলাকায় এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, ওই এলাকার বাসিন্দা অম্লান ভৌমিক পরিবারের সদস্যদের নিয়ে ১৯ আগস্ট সাব্রুমে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যান। পরদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখতে পান বাড়ির পিছনের দরজা খোলা। ভিতরে ঢুকে ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি।পরে আলমারি খুলে দেখা যায়, জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। খোঁজ নিয়ে বাড়ির মালিক জানতে পারেন, আলমারি থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা, প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং বেশ কিছু মূল্যবান বাসনপত্র চুরি হয়েছে বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।বাড়ির মালিকের অভিযোগ, গকুলপুর শাস্ত্রীয় সংঘ এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। তাই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।রাতে পুলিশের নিয়মিত টহল চললেও কীভাবে পরপর চুরির ঘটনা ঘটছে, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। চুরি রুখতে আরও সক্রিয় নজরদারি ও গোয়েন্দা তৎপরতার দাবি উঠেছে এলাকায়।
উদয়পুরে ফের চুরি, আতঙ্কে গকুলপুরের বাসিন্দারা
