খয়েরপুর, ১৫ জুনঃ বুদ্ধজংনগর থানাধীন খয়েরপুর আউটপোস্ট এলাকার পূর্ব চম্পামুড়া ৬ নম্বর ওয়ার্ডে একের পর এক গবাদি পশু চুরির ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। সাম্প্রতিক ঘটনায় দুই পরিবারের দুটি গবাদি পশু চুরি যাওয়ার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।অভিযোগ, পূর্ব চম্পামুড়া এলাকার বাসিন্দা রঞ্জিত মণ্ডল ও রাজিব দাসের বাড়ি থেকে গতকাল ভোররাতে চোরের দল দুটি গবাদি পশু নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবার খয়েরপুর আউটপোস্টে লিখিত অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। পরে জিডি এন্ট্রি করা হলেও পুলিশ একবার ঘটনাস্থল পরিদর্শন করে আর কোনও তদন্ত এগিয়ে নিয়ে যায়নি বলে দাবি স্থানীয়দের।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় গরু চুরির ঘটনা ঘটে চলেছে। বারবার অভিযোগ জানিয়েও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁদের মতে, গবাদি পশু চুরি হওয়ায় বহু পরিবারের আর্থিক ক্ষতি হচ্ছে, কারণ এসব পশুই তাঁদের জীবিকা নির্বাহের অন্যতম ভরসা।স্থানীয়দের আরও অভিযোগ, খয়েরপুর বাইপাস সংলগ্ন এলাকায় দায়িত্বে থাকা কিছু পুলিশ কর্মী নিয়মিত যানবাহন আটক করে অর্থ আদায় করছেন, অথচ এলাকায় ঘটে চলা চুরির ঘটনা রোধে প্রয়োজনীয় উদ্যোগ দেখা যাচ্ছে না। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে চুরি যাওয়া গবাদি পশুগুলি উদ্ধার করতে হবে এবং এলাকায় চুরি রোধে কঠোর নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করতে হবে। একইসঙ্গে, অভিযোগ গ্রহণে গাফিলতির বিষয়টিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।এখন দেখার, একের পর এক গরু চুরির ঘটনায় পুলিশ প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেয়।
“গরু চুরিতে অতিষ্ঠ গ্রামবাসী, পুলিশের ভূমিকায় প্রশ্ন! খয়েরপুর আউটপোস্ট ঘিরে ক্ষোভ”
