বিশ্রামগঞ্জ এলাকায় গবাদি পশু চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। চুরি যাওয়া চারটি গবাদি পশু উদ্ধার করার পাশাপাশি টি আর ০১ডি১৭৩৯ নম্বরের একটি বলেরো গাড়িসহ দুই অভিযুক্তকে আটক করা হয়েছে।ধৃতদের নাম মহাসিম মিয়া ও ওয়াসিম মিয়া। সম্পর্কে তারা সহোদর ভাই। তাদের বাড়ি সিপাহিজলা জেলার কলমচৌড়া থানার অন্তর্গত পুটিয়া মোল্লা চৌমুহনী এলাকায়। কলমচৌড়া থানার পুলিশ তাদের আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুলাই গভীর রাতে বিশ্রামগঞ্জের কড়ইমুড়া এলাকা থেকে চারটি গবাদি পশু চুরি হয়। উদ্ধার হওয়া গবাদি পশুগুলোর মালিক সঞ্জিত দেববর্মা, আজিলা দেববর্মা এবং রবি দেববর্মা। খবর পেয়ে শনিবার সকালে তারা বিশ্রামগঞ্জ থানায় পৌঁছান।বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান, এ ঘটনায় বিশ্রামগঞ্জ থানায় মামলা নং ২৫/২০২৬ রুজু হয়েছে। ধৃত দুই অভিযুক্তকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিশালগড় আদালতে তোলা হবে।উল্লেখযোগ্য বিষয়, উদ্ধার হওয়া গবাদি পশুগুলো চুরির পর থেকে না খেয়ে ছিল। থানায় নিয়ে আসার পর তাদের ঘাস খাওয়ানোর ব্যবস্থা করেন ওসি অজিত দেববর্মা। পুলিশের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।ঘটনাকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গরু চুরি কাণ্ডে বড় সাফল্য! চার গবাদি পশুসহ দুই সহোদর চোর গ্রেপ্তার
