দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গরু বোঝাই একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায় সাদা রঙের একটি বোলেরো পিকআপ (নম্বর: TR08 1607) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তার উপর তেল ও মোবিল ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা একাধিক গবাদি পশু আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও আহত পশুগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গবাদি পশু পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারির অভাবেই বারবার এমন ঘটনা ঘটছে। তাঁদের দাবি, শুধু জরিমানা নয়, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হবে।
গরু বোঝাই পিকআপ উল্টে চাঞ্চল্য! আহত একাধিক গবাদি পশু, চালক পলাতক
