বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ গোকুলনগর রাস্তারমাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন। তিনটি গাড়ির সংঘর্ষকে কেন্দ্র করে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে, বিশালগড়ের দিক থেকে আসা একটি অল্টো মারুতি গাড়ি দ্রুতগতিতে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। এরপর পিছনে থাকা একটি মারুতি ইকো গাড়িও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় দীর্ঘ যানজট। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়।
গোকুলনগরে তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
