যাত্রাপুর, নিজস্ব প্রতিনিধি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ একটি রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদক কারা সেখানে মজুত করেছিল, তা এখনও নিশ্চিতভাবে জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাপুর থানার অন্তর্গত ঠাম্মামুড়া গ্রামের পাশের একটি রাবার বাগানে মাদক লুকিয়ে রাখা হয়েছে বলে গোপন খবর আসে। খবর পাওয়ার পরই থানার ওসি পার্থ নাথ ভৌমিক-এর নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।অভিযান চলাকালীন পুলিশ দুটি বস্তার মধ্যে রাখা মোট ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ উদ্ধার হওয়া মাদক থানায় নিয়ে আসা হয়।ওসি পার্থ নাথ ভৌমিক জানান, ভারী বৃষ্টির মধ্যেও অভিযান চালাতে হয়েছে, ফলে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হলেও শেষ পর্যন্ত মাদক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, পাচারের উদ্দেশ্যেই গাঁজাগুলো রাবার বাগানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে এই মাদকের মালিক বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। দায়ীদের শনাক্ত করতে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
গোপন খবরের ভিত্তিতে বড় সাফল্য! যাত্রাপুরে রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার
