Headlines

গাভী চুরি করে পালানোর সময় ধরা! সীমান্তের কাছে কুখ্যাত গরু চোরকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী

যাত্রাপুর, নিজস্ব প্রতিনিধি: যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুর পঞ্চায়েতে গাভী চুরি করে পালানোর সময় এক সন্দেহভাজন গরু চোরকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ভোররাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশপুকুর পঞ্চায়েতের পশ্চিমপাড়ায় বাসিন্দা ছে রু মিয়ার গোয়ালঘর থেকে একটি গাভী চুরি হয়ে যায়। তবে গাভীর বাছুরটি গোয়ালঘরেই থেকে যাওয়ায় তার ডাক শুনে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে গোয়ালঘরে গিয়ে দেখা যায়, গাভীটি নেই। এরপরই আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।খোঁজাখুঁজির একপর্যায়ে যাত্রাপুর পঞ্চায়েত এলাকার শালপুকুর সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে এক ব্যক্তির সঙ্গে গাভীটিকে দেখতে পান গ্রামবাসীরা। তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে এএসআই তপন দেবনাথের নেতৃত্বে যাত্রাপুর থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় এবং গাভীটিও উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক ঘটনার প্রাথমিক তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক মাসে একই এলাকায় একাধিক পরিবারের মোট কয়েকটি গরু চুরি হয়েছে এবং সেগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করা হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও পুলিশের তদন্তসাপেক্ষ।গাভীর মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *