Headlines

“চাকমাঘাটে বাড়ি বাড়ি মন্ত্রী বিকাশ দেববর্মা, ভাতা সমস্যা সমাধান ও স্বনির্ভরতার আশ্বাস”

খোয়াই, ২০ জুন: সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের দৈনন্দিন সমস্যা ও অভাব-অভিযোগ সরাসরি শুনতে শনিবার সারাদিন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, মণ্ডল নেতৃত্ব এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। দিনভর একাধিক উঠোন বৈঠক ও ঘরোয়া আলোচনার মাধ্যমে মন্ত্রী এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।আলোচনায় পানীয় জলের সংকট, গ্রামীণ সড়কের উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, সামাজিক ভাতা সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য মৌলিক পরিষেবা নিয়ে বিভিন্ন দাবি ও অভিযোগ উঠে আসে। গ্রামবাসীরা দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানান।বৈঠকে বিশেষভাবে বার্ধক্য ভাতা বন্ধ থাকার বিষয়টি গুরুত্ব পায়। বহু প্রবীণ নাগরিক তাঁদের সমস্যার কথা তুলে ধরলে মন্ত্রী জানান, প্রশাসনিক জটিলতার কারণে কিছু ক্ষেত্রে ভাতা প্রদানে বিলম্ব হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে আগামী কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।এছাড়াও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে রেশম শিল্প ও তুঁত চাষের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করে তুলতে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকারি প্রকল্পের সুবিধার পাশাপাশি স্বনিযুক্তির মাধ্যমে পরিবারের আর্থিক ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান তিনি।সরকারি পরিষেবার সুবিধা পেতে প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ রাখার ওপরও জোর দেন মন্ত্রী। তিনি জানান, ভবিষ্যতে বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাইয়ের কর্মসূচি নেওয়া হতে পারে। তাই জন্মসনদ, আধার কার্ড, রেশন কার্ডসহ প্রয়োজনীয় সরকারি নথি প্রস্তুত রাখার পরামর্শ দেন তিনি।গ্রামীণ এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করাই ছিল এই জনসংযোগ কর্মসূচির মূল উদ্দেশ্য। দীর্ঘ সময় ধরে চলা এই কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।স্থানীয়দের মতে, জনপ্রতিনিধিদের এ ধরনের সরাসরি জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যাকে প্রশাসনের নজরে আনতে এবং দ্রুত সমাধানের ক্ষেত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *