ধলাই, ২ জুলাই: চাকরির প্রলোভন দেখিয়ে ধলাই জেলার গঙ্গানগর থানার নিয়ামজয় পাড়ার তিন নাবালিকাকে গুজরাটে নিয়ে যাওয়ার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ধলাই জেলা পুলিশ ও গুজরাট পুলিশের যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করা হয়েছে তিন নাবালিকাকে। পাশাপাশি চারজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, একই এলাকার বাসিন্দা মুকেশ রিয়াং নামে এক যুবক বহিরাজ্যে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তিন নাবালিকাকে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গঙ্গানগর থানায় মামলা দায়ের হওয়ার পরই তদন্ত শুরু হয়।তদন্তে মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত আগরতলা থেকে কলকাতা হয়ে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছে। এরপর গুজরাটের আমদা থানার পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। অভিযানে তিন নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়।ইতিমধ্যে সাব-ইন্সপেক্টর স্বপন দেববর্মার নেতৃত্বে গঙ্গানগর থানার একটি পুলিশ দল গুজরাটে পৌঁছেছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে ত্রিপুরায় নিয়ে আসার আইনি প্রক্রিয়া চলছে।ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক জানান, গুজরাট পুলিশ ও ত্রিপুরা পুলিশের সমন্বিত তৎপরতার ফলেই দ্রুত এই উদ্ধার অভিযান সফল হয়েছে। আন্তঃরাজ্য সহযোগিতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিন নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
চাকরির টোপে গুজরাটে পাচার! ধলাইয়ের তিন নাবালিকাকে উদ্ধার, অভিযুক্ত আটক
