বিশ্রামগঞ্জ: খুমুলুঙ খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি রাবার বাগান থেকে TR-01M-3805 নম্বরের অটোরিকশাটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চোরের দল অটোরিকশাটি জাতীয় সড়কের পাশে রেখে ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় পুলিশের নজরে পড়তেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ধাওয়া করলেও অভিযুক্তরা অন্ধকারের সুযোগে পালাতে সক্ষম হয়। পরে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।উদ্ধার হওয়া অটোরিকশার মালিক শক্তি দেববর্মার বাড়ি জিরানিয়া বীরেন্দ্রনগর এলাকায়। তিনি জানান, খেরেংবার হাসপাতালে ভর্তি থাকা ভাতিজার স্ত্রীর জন্য খাবার নিয়ে অটোতে করে হাসপাতালে এসেছিলেন। মাত্র ১০ মিনিটের জন্য অটো রেখে হাসপাতালে যাওয়ার পর ফিরে এসে দেখেন গাড়িটি চুরি হয়ে গেছে।রবিবার খবর পেয়ে শক্তি দেববর্মা বিশ্রামগঞ্জ থানায় পৌঁছে নিজের অটোরিকশা শনাক্ত করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চুরি যাওয়া অটো উদ্ধার বিশ্রামগঞ্জে, পুলিশের তাড়া খেয়ে জঙ্গলে ফেলে পালাল চোরেরা
