Headlines

চুরি যাওয়া বুলডোজার উদ্ধার, বদলে গেল রেজিস্ট্রেশন নম্বর! ধর্মনগরে চাঞ্চল্য

চুরি হয়ে যাওয়ার কয়েক মাস পর ধর্মনগরের দক্ষিণ হুরুয়া এলাকা থেকে একটি বুলডোজার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া বুলডোজারটির রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রকৃত মালিক। গোটা ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।ঘটনার বিবরণে জানা যায়, কালাছড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুস তাঁর নামে নিবন্ধিত TR 02L1838 নম্বরের বুলডোজারটি ২০২৫ সালের ২ জানুয়ারি ধর্মনগর রাজবাড়ী মণ্ডপপাড়া এলাকার ঠিকাদার দীপন নাথের ঠিকাদারি সংস্থা ডি এন কনস্ট্রাকশন-কে মাসিক ভাড়ায় দেন।কয়েক মাস ব্যবহারের পর ২০২৫ সালের ২৬ অক্টোবর কুদ্দুসকে জানানো হয়, সাতচাঁদ-মনুবাজার এলাকার পার্থজিৎ চক্রবর্তীর বাড়ির কাছ থেকে বুলডোজারটি চুরি হয়ে গেছে। এরপর ২৮ অক্টোবর মনুবাজার থানায় জিডি করেন তিনি। দীর্ঘদিন খোঁজ চালিয়েও বুলডোজারটির সন্ধান না পাওয়ায় আদালতে শর্তসাপেক্ষে ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয়েছিল বলে দাবি মালিকের।তবে বুলডোজার উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আব্দুল কুদ্দুস। অবশেষে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পান, তাঁর বুলডোজারটি ধর্মনগর দক্ষিণ হুরুয়া এলাকার একটি সয়াবিন ফ্যাক্টরির আশপাশে রয়েছে। বিষয়টি ধর্মনগর থানায় জানানো হলে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বুলডোজারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।উদ্ধারের পরই সামনে আসে রেজিস্ট্রেশন নম্বর নিয়ে বড় প্রশ্ন। কুদ্দুসের দাবি, তাঁর বুলডোজারের আসল নম্বর TR 02L1838 হলেও উদ্ধার হওয়া বুলডোজারে NL 04DA0049 নম্বর লেখা রয়েছে। তাঁর আরও দাবি, বর্তমান নম্বরের সঙ্গে বুলডোজারটির চেসিস ও ইঞ্জিন নম্বরের মিল নেই। তবে তাঁর নামে থাকা নথির সঙ্গে চেসিস ও ইঞ্জিন নম্বরের মিল রয়েছে বলে দাবি করেন তিনি।এছাড়াও কুদ্দুসের অভিযোগ, বুলডোজারটি উদ্ধারের সময় ঘটনাস্থলের আশপাশে সেটি ভাড়া নেওয়া ঠিকাদার দীপন নাথের দুটি ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে ছিল। উদ্ধার হওয়া বুলডোজারটির বর্তমান রেজিস্ট্রেশন নম্বর ডি এন কনস্ট্রাকশনের নামে করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।তবে এসব অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয় এবং বিষয়টি পুলিশের তদন্তসাপেক্ষ। বুলডোজারটির রেজিস্ট্রেশন নম্বর কীভাবে পরিবর্তিত হল, কীভাবে সেটি অন্যত্র পৌঁছাল এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব প্রশ্নের উত্তর তদন্তের পরই স্পষ্ট হবে। বর্তমানে ধর্মনগর থানার পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে বুলডোজারের মালিক আব্দুল কুদ্দুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *