উদয়পুর: বন্ধুদের সঙ্গে জগন্নাথ দীঘিতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক দশম শ্রেণির স্কুলছাত্রের। মৃত ছাত্রের নাম দেবজিৎ দে (১৬)। তাঁর বাড়ি পোল্ট্রি রোড এলাকায়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।জানা গেছে, রবিবার দুপুর প্রায় ৩টা নাগাদ কয়েকজন বন্ধুর সঙ্গে জগন্নাথ দীঘিতে স্নান করতে যায় দেবজিৎ। স্নানের সময় আচমকাই সে গভীর জলে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, আপদা মিত্রের সদস্য এবং দমকল দপ্তরের কর্মীরা। প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর জলের নিচ থেকে দেবজিতের নিথর দেহ উদ্ধার করা হয়।এরপর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে দেবজিতের পরিবার। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসীও।
জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু, প্রাণ গেল ১৬ বছরের দেবজিতের
