জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের বাড়িঘর, পুকুর ও কৃষিজমি। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে চম্পকনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ার সময় রাস্তার পাশে দ্রুত ড্রেন নির্মাণের আশ্বাস দিয়েছিল জিরানিয়া মহকুমা প্রশাসন। এক সপ্তাহের মধ্যে ড্রেনের কাজ সম্পন্ন করার কথা বলা হলেও সেই আশ্বাস বাস্তবে কার্যকর হয়নি।
এরই মধ্যে বৃষ্টির জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার জল আশপাশের এলাকায় ঢুকে পড়ে। ফলে বহু মানুষের বাড়িঘর, পুকুর ও জমি জলের তলায় চলে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা।
প্রশাসনের এই ভূমিকার প্রতিবাদে চম্পকনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্তরা। তাঁদের দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি রাস্তার পাশে স্থায়ী ড্রেন নির্মাণ করতে হবে।
বিক্ষোভকারীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁদের দুর্ভোগ ও দাবির কথা তুলে ধরেন। অবিলম্বে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তাঁরা।
জলমগ্ন বাড়িঘর-জমি, প্রতিবাদে চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ
