শান্তিরবাজার, ২১ আগস্ট: পানীয় জল, শৌচাগার, রাস্তা ও বিদ্যালয়ের পরিকাঠামোগত সংকট ঘিরে ক্ষোভ বাড়ছে শান্তিরবাজার মহকুমার গাদ্দাং এলাকার পূর্ণ জয় রিয়াংপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়কে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার মধ্যেই পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের।অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। নলকূপ বা জল সরবরাহের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। একইসঙ্গে বিদ্যালয়ের টয়লেট ও বাথরুমের অবস্থাও অত্যন্ত দুর্বল বলে দাবি স্থানীয়দের। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য পরিকাঠামোও পর্যাপ্ত নয় বলে অভিযোগ।স্থানীয়দের দাবি, বর্তমানে মাত্র একটি কক্ষে পাঠদান চলছে এবং দুইজন শিক্ষক পড়ুয়াদের সামলাচ্ছেন। এর পাশাপাশি গোটা এলাকাতেই বিশুদ্ধ পানীয় জলের সংকট রয়েছে। অনেক পরিবারকে বাইরে থেকে জল কিনে ব্যবহার করতে হয় বলেও অভিযোগ উঠেছে।শুধু বিদ্যালয় নয়, এলাকার যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা নিয়েও ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের। পড়ুয়াদের দূর-দূরান্ত থেকে হেঁটে স্কুলে আসতে হয়। জরুরি পরিস্থিতিতে রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও রাস্তার দুরবস্থার কারণে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ।বিদ্যালয়ের জন্য জমি দান করা নন্দলাল ত্রিপুরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে। তাঁর দাবি, দ্রুত পানীয় জল, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এবং রাস্তা সংস্কারে প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত।এলাকাবাসীর আবেদন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত এলাকা পরিদর্শন করে সমস্যাগুলি খতিয়ে দেখুন। মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছেন তাঁরা। এখন নজর, দীর্ঘদিনের এই সমস্যাগুলির সমাধানে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ করে।
জল নেই, পরিকাঠামো বেহাল! পূর্ণ জয় রিয়াংপাড়া স্কুলে চরম দুর্ভোগ
