পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানাধীন তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত জওয়ানের নাম নিমাই মণ্ডল (Nimai Mondal)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার বাসিন্দা এবং বিএসএফ-এর ৪২ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, ফটিকছড়া-তুলাবাগান এলাকায় আগরতলা-খোয়াই সড়কে তার দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।খবর পেয়ে লেফুঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তদন্তের রিপোর্ট এবং ময়নাতদন্তের ফলাফলের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।
জাতীয় সড়কে বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু! দুর্ঘটনা নাকি অন্য কিছু, তদন্তে পুলিশ
