Headlines

জামাইষষ্ঠীতেও নেই কেনাকাটার জোয়ার! গ্রামীণ মাছের বাজারে মন্দার ছাপ

সোনামুড়া, ২০ জুন: বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাইষষ্ঠীকে ঘিরে প্রতি বছর গ্রামীণ বাজারগুলোতে দেখা যায় ব্যাপক কেনাকাটার ভিড়। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। জামাইষষ্ঠী উপলক্ষে শনিবার সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় মাছের বাজারে আশানুরূপ ক্রেতার দেখা মেলেনি বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা।কাঠালিয়া বাণিজ্যিক এলাকার মৎস্য ব্যবসায়ী নাসির মিয়া ও সঞ্জয় দেবনাথ জানান, উৎসবকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ এনে বিক্রির ব্যবস্থা করা হলেও বাজারে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। ফলে প্রত্যাশিত বিক্রি হচ্ছে না।ব্যবসায়ীদের মতে, অনেক ক্রেতাই মাছের দোকানে এসে দাম শুনে ফিরে যাচ্ছেন। কেবলমাত্র নিয়ম রক্ষার তাগিদে কিংবা জামাইকে আপ্যায়নের জন্য কিছু সংখ্যক মানুষ মাছ কিনছেন। বিশেষ করে ইলিশ মাছের প্রতি আগ্রহ থাকলেও উচ্চমূল্যের কারণে অনেকেই ক্রয় থেকে বিরত থাকছেন।সোনামুড়া-বিলোনিয়া বাইপাস সড়কের পাশে অস্থায়ীভাবে বসা মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে। অন্যান্য বছরের তুলনায় এবার উৎসবের আমেজ অনেকটাই ফিকে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বর্তমান আর্থিক পরিস্থিতির প্রভাব গ্রামীণ জনজীবনে স্পষ্টভাবে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সংসারের বাড়তি খরচের চাপে অনেক পরিবার উৎসব উদযাপনে ব্যয় কমাতে বাধ্য হচ্ছে। ফলে জামাইষষ্ঠীর মতো ঐতিহ্যবাহী উৎসবেও আগের মতো জাঁকজমক দেখা যাচ্ছে না।তবে সব প্রতিকূলতার মধ্যেও অনেক পরিবার সামাজিক ও পারিবারিক রীতি বজায় রাখতে সীমিত পরিসরে জামাইষষ্ঠী পালন করছেন। ব্যবসায়ীরা আশা করছেন, দিনের শেষভাগে বাজারে কিছুটা হলেও ক্রেতা সমাগম বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *