আগরতলার জিবি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে সংকটজনক এক রোগীকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গুরুতর অবস্থায় থাকা ওই রোগীকে প্রায় আধঘণ্টা অ্যাম্বুলেন্সের মধ্যেই অপেক্ষা করতে হয়।জানা গেছে, জিরানিয়া এলাকার বাসিন্দা দিব্যেন্দু চৌধুরী নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়।অভিযোগ, জিবি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর রোগীকে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য জিডিএ কর্মীদের দ্রুত এগিয়ে আসতে দেখা যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর শেষ পর্যন্ত বেসরকারি নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে দিব্যেন্দু চৌধুরীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যান।ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের জরুরি পরিষেবা ও রোগী স্থানান্তর ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংকটজনক রোগীর ক্ষেত্রে এমন পরিস্থিতি কেন তৈরি হলো, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
জিবির ইমার্জেন্সির সামনে আধঘণ্টা অ্যাম্বুলেন্সে সংকটজনক রোগী, পরে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় চিকিৎসা
