উনকোটি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্যের দাবি। সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের পক্ষ থেকে উনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার পরপরই একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ।গতকাল কুমারঘাট শহরে প্রায় ৪০ লক্ষ টাকার নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই কৈলাশহরের চিনিবাগান নাকা পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারের দাবি করেছে পুলিশ। ঘটনায় একটি বিলাসবহুল গাড়ি সহ কৈলাশহরের শিনাথপুর এলাকার দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের নেশাজাতীয় সামগ্রী পাচারের কারবার চলছে। ফেনসিডিল, বার্মিজ সিগারেটসহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।চিনিবাগান নাকা পয়েন্ট এলাকার বাসিন্দাদের বক্তব্য, পুলিশের সাম্প্রতিক অভিযানে নেশাজাতীয় সামগ্রী আটক হওয়াকে স্বাগত জানালেও দীর্ঘদিন ধরে একই রুটে পাচার চলার অভিযোগ থাকায় শুধুমাত্র এই অভিযানের সাফল্যে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের দাবি, পাচারচক্রের মূল হোতাদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে অভিযান চালানো হোক।
চিনিবাগান নাকায় ১০ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, বিলাসবহুল গাড়িসহ আটক ২
