নিজস্ব প্রতিনিধি | মোহনপুর, ১৩ জুন:সিধাই থানার অধীন হেজামারা ব্লকের অর্থ চন্দ্র পাড়া এলাকায় জুমের জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার।অভিযোগ অনুযায়ী, হেজামারা ব্লকের বাল্যছড়া এলাকার বাসিন্দা কিরণ মালা দেববর্মা ও তাঁর পরিবারের অর্থ চন্দ্র পাড়া এলাকায় প্রায় ১৫ কানি জুমের জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমি তাঁদের দখলে থাকলেও সম্প্রতি শঙ্কর দেববর্মা ও রবীন্দ্র দেববর্মার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন তাঁরা।কিরণ মালা দেববর্মার পরিবারের অভিযোগ, বিরোধপূর্ণ বিষয়টি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মীমাংসা করার উদ্দেশ্যে তাঁরা রবীন্দ্র দেববর্মার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। সে সময় রবীন্দ্র দেববর্মা, শঙ্কর দেববর্মা এবং তাঁদের সহযোগীরা তাঁদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন বলে অভিযোগ।এই হামলায় কিরণ মালা দেববর্মা, সঞ্জিত দেববর্মা, ব্রজ দেববর্মা এবং রোহেশ দেববর্মা আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।ঘটনার পর কিরণ মালা দেববর্মার পরিবার সিধাই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে পুনরায় হামলার ঘটনা না ঘটে এবং তাঁদের জুমের জমির নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই আবেদনও জানিয়েছেন তাঁরা।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রবীন্দ্র দেববর্মা ও শঙ্কর দেববর্মার পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ ঘটনায় এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ প্রয়োজন, যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
“জুমের জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা! হেজামারায় আহত একাধিক, থানায় অভিযোগ”
