Headlines

জুরি নদীতে ডুবে যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ ধর্মনগর

উত্তর ত্রিপুরার ধর্মনগরের পদ্মপুর গোরক্ষনাথ মন্দির সংলগ্ন এলাকায় বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া জুরি নদীতে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম শুভম দেবনাথ (২৩)।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাকৃতিক কাজে নদীর ধারে গেলে তিনি অসাবধানতাবশত নদীতে পড়ে যান। শুভম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তিনি সাঁতারও জানতেন না বলে পরিবারের দাবি।ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ধর্মনগর দমকল বিভাগে খবর দেন। পরে দমকল বাহিনী, সিভিল ডিফেন্স এবং আপদা মিত্রের যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে শুভমকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে ধর্মনগর ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে জুরি নদীর জলস্তর ও স্রোত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে উদ্ধারকাজে দ্রুত তৎপরতা চালানো হলেও শেষ পর্যন্ত যুবককে বাঁচানো সম্ভব হয়নি।শুভম দেবনাথের অকাল মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *