আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়ী ব্লকে ত্রিদলীয় জোটের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেল। বিজেপির সঙ্গে জোটসঙ্গী হিসেবে তিপ্রা মথা ও আইপিএফটি নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর সোমবার আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।জোলাইবাড়ী ব্লকের অধীনে রয়েছে মোট ১০টি এডিসি ভিলেজ ও ৪৮টি ওয়ার্ড। জোটের পক্ষ থেকে মোট ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে।ত্রিদলীয় বৈঠকের মাধ্যমে আলোচনার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়। এরপর জোটের প্রার্থীরা একসঙ্গে জোলাইবাড়ী ব্লকের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন দাখিল শেষে বিজেপি ও আইপিএফটি নেতৃত্ব জানান, নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এডিসি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই তাদের লক্ষ্য।এদিকে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে জোলাইবাড়ীতে ত্রিদলীয় জোটের এই যৌথ উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
জোলাইবাড়ীতে ত্রিদলীয় জোটের শক্তি প্রদর্শন, একসঙ্গে মনোনয়ন জমা!
