পানিসাগর: একবার নয়, টানা দুইদিন একই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার পানিসাগর বাজারে। শিব ও কালী বাড়ি মন্দিরে পরপর চুরির ঘটনায় এবার মন্দির ও বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।জানা যায়, সোমবার ভোররাতে মন্দিরের জানালার গ্রিল ভেঙে চুরি করে দুষ্কৃতীরা। বিষয়টি মন্দির ও বাজার কমিটির পক্ষ থেকে রাতে পানিসাগর থানায় জানানো হয়। কিন্তু অভিযোগ জানানোর পরদিনই, মঙ্গলবার ভোরে ফের একই মন্দিরে চুরির ঘটনা ঘটে।অভিযোগ, দ্বিতীয়বার চোরেরা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যাওয়ার পাশাপাশি মা কালীর স্বর্ণালংকারও চুরি করে নিয়ে যায়। মন্দির কমিটির দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা।ঘটনার পর বাজার কমিটির সম্পাদক শেখর চন্দ্র দাসসহ স্থানীয়রা পানিসাগর থানায় গিয়ে ফের অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে থানায় প্রথম চুরির খবর জানানোর পরও কীভাবে একই মন্দিরে ফের চুরি হলো, তা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে মন্দির কমিটি ও এলাকাবাসী।
টানা দুইদিন মন্দিরে চুরি! পানিসাগরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
