আগরতলা: দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে এবার সরকারের সঙ্গে আলোচনার টেবিলে আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতিনিধি দল। মঙ্গলবার মহাকরণে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠক করেন ককলা জয় ত্রিপুরার নেতৃত্বাধীন প্রতিনিধি দল।গত ২৮ আগস্ট বড়মুড়ার খাতায়কতর এলাকায় বিভিন্ন দাবিদাওয়া সামনে রেখে পথ অবরোধে বসেছিলেন NLFT ও ATTF-এর আত্মসমর্পণকারী সদস্যদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং তাদের দাবিগুলি নিয়ে ইতিবাচকভাবে আলোচনার আশ্বাস দেন।সেই আশ্বাসের পরই মঙ্গলবার মহাকরণে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, দপ্তরের সচিবসহ অন্যান্য আধিকারিকরা। আলোচনায় আত্মসমর্পণকারী সদস্যদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়।বৈঠক শেষে ককলা জয় ত্রিপুরা জানান, মন্ত্রী তাদের দাবিগুলি অত্যন্ত ইতিবাচকভাবে শুনেছেন। সমস্যাগুলির সমাধানের পথ নিয়েও আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস পাওয়ায় তারা আশাবাদী বলেও জানান তিনি।অন্যদিকে, মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, আত্মসমর্পণকারী সদস্যদের দাবিগুলিকে সরকার গুরুত্ব সহকারে দেখছে। ইতিমধ্যেই বেশ কিছু বিষয় কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সমাধানের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি বাকি দাবিগুলিও পূরণের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে বলে জানান তিনি।আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের বার্তা—মহাকরণের এই বৈঠকের পর এমনটাই প্রত্যাশা আত্মসমর্পণকারী সদস্যদের। এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর সংশ্লিষ্টদের।
আত্মসমর্পণকারী জঙ্গিদের দাবি নিয়ে বৈঠক, দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর!
