বিশ্রামগঞ্জ, ৫ আগস্ট: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের মাস্টারপাড়া রাজা চৌমুহনি এলাকায় বুধবার ভোররাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের পেছনের টিন কেটে ভেতরে ঢুকে নগদ অর্থসহ প্রায় ৩২ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।দোকান মালিক অজিত দেববর্মা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো দোকান খুলতে এসে তিনি দোকানের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন।সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে চোরেরা দোকানের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশবাক্স ভেঙে প্রায় ৭ হাজার টাকা নগদ নিয়ে যায়। পাশাপাশি দোকানে থাকা বিভিন্ন মালামালও চুরি করে। দোকান মালিকের দাবি, নগদ অর্থ ও চুরি হওয়া পণ্যের মোট মূল্য প্রায় ৩২ হাজার টাকা।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
টিন কেটে দোকানে দুঃসাহসিক চুরি! বিশ্রামগঞ্জে নগদসহ প্রায় ৩২ হাজার টাকার মালামাল উধাও
