আগরতলা: ২০২৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন পরীক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত পদক্ষেপের দাবি জানান তাঁরা।পরীক্ষার্থীদের দাবি, ২০২৪ সালের টেট পরীক্ষায় প্রায় ৪০ হাজার পরীক্ষার্থী অংশ নিলেও উত্তীর্ণ হয়েছেন মাত্র প্রায় ১,৮০০ জন। এত কম সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রশ্ন তুলেছেন তাঁরা।সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরেন টেট উত্তীর্ণরা। তাঁদের অভিযোগ, শহর এলাকার কিছু বিদ্যালয় বাদ দিলে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। এর ফলে পড়ুয়াদের পঠন-পাঠনে সমস্যা হচ্ছে এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাঁদের।এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। তাঁদের বক্তব্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কাছে বিষয়টি নিয়ে একাধিকবার সহযোগিতা চাওয়া হলেও এখনও পর্যন্ত প্রত্যাশিত সমাধান মেলেনি।পরীক্ষার্থীরা জানান, দ্রুত তাঁদের দাবি পূরণ না হলে আগামী ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তাঁদের মূল দাবি, ২০২৪ সালের টেট উত্তীর্ণ সকল যোগ্য পরীক্ষার্থীর দ্রুত নিয়োগ এবং রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করতে কার্যকর পদক্ষেপ।সরকারের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার আবেদন জানিয়েছেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা।
টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি, ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি
