Headlines

তিনদিনের জনকল্যাণ শিবিরে সরকারি পরিষেবার জোয়ার, উত্তর ত্রিপুরায় উপকৃত হাজারো মানুষ

উত্তর ত্রিপুরা, ১৭ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লক, নগর পঞ্চায়েত ও পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের সফল সমাপ্তি হয়েছে। শিবিরের শেষ দিনেও বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা গ্রহণ করেন।সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই শিবিরে স্বাস্থ্য, কৃষি, বন, সামাজিক সুরক্ষা, গ্রামীণ উন্নয়নসহ একাধিক সরকারি দপ্তর অংশগ্রহণ করে। এক ছাদের নিচে বিভিন্ন পরিষেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ওষুধ বিতরণের ব্যবস্থাও করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।কদমতলা ব্লকে অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে বনদপ্তরের উদ্যোগে শত শত মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করার এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও বহু মানুষ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা গ্রহণ করেন।স্বনির্ভরতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী রোজগার সৃজন কর্মসূচি (PMEGP) এবং প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস (PMFME) প্রকল্পের আওতায় ঋণ গ্রহণের জন্য শতাধিক আবেদন জমা পড়ে। উদ্যোক্তা হতে আগ্রহী যুবক-যুবতীদের মধ্যে এই প্রকল্পগুলিকে ঘিরে উল্লেখযোগ্য উৎসাহ লক্ষ্য করা যায়।সমাপনী অনুষ্ঠানে কদমতলা ব্লকের ১৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি রক্ষার উদ্দেশ্যে ডাস্টবিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সরকারি প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বলেন, জনকল্যাণ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সরকারি পরিষেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।প্রশাসন সূত্রে জানা গেছে, তিনদিনব্যাপী এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলার হাজারো মানুষ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। শিবিরের সফল আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও সন্তোষ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *