Headlines

তেলিয়ামুড়ায় ৬০০ বোতল এস কফ উদ্ধার! পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল চালক, বড় মাদক সিন্ডিকেটের ইঙ্গিত

তেলিয়ামুড়ায় ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পুলিশের। বুধবার গভীর রাতে মহারানীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ইকো গাড়ি থেকে উদ্ধার করা হয় ৬০০-রও বেশি অবৈধ এস কফের বোতল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নিয়মিত টহলদারির সময় মহারানীপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা TR01BV0637 নম্বরের একটি সন্দেহজনক ইকো গাড়ির উপর নজর পড়ে পুলিশের। গাড়ির কাছে যেতেই চালক দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ এস কফ উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া মাদক এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটির মালিক নয়ন রায়। চাঞ্চল্যকর বিষয় হলো, চলতি মাসের ১৭ তারিখ একই গাড়িটি গামাইবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদসহ পুলিশের হাতে ধরা পড়েছিল।এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে— একই গাড়ি বারবার অপরাধমূলক কাজে ব্যবহৃত হলেও কীভাবে এতদিন ধরে সক্রিয় ছিল এই চক্র? বিশ্বস্ত সূত্রের দাবি, এই মাদক পাচার চক্রের সঙ্গে তেলিয়ামুড়ার গৌরাঙ্গটিলা এলাকার এক যুবক এবং আগরতলার আরও এক যুবকের যোগ থাকতে পারে। ফলে আন্তঃজেলা মাদক সিন্ডিকেটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।এখন পুলিশের মূল লক্ষ্য পলাতক চালককে গ্রেপ্তার করা। তদন্তকারীদের মতে, চালক ধরা পড়লেই সামনে আসতে পারে গোটা মাদক চক্রের আসল নেপথ্য কারবারিদের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *