তেলিয়ামুড়া, নিজস্ব প্রতিনিধি:ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর ৫ম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন রবিবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে।সম্মেলনের সূচনায় সকাল প্রায় ১০টায় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিল থেকে বেকারত্ব বৃদ্ধি, নেশার প্রসার এবং বিভিন্ন জনস্বার্থের ইস্যু তুলে ধরে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।পরে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত মূল সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, DYFI ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে মোট ৩১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে বেকারত্ব ও নেশার প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি যুব সমাজকে সংগঠিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।অন্যদিকে, DYFI-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। তাঁর অভিযোগ, সংবিধানের মৌলিক চেতনা পরিবর্তনের চেষ্টা চলছে, যার প্রভাব সাধারণ মানুষের উপর পড়ছে। তিনি জানান, গণতান্ত্রিক অধিকার, কর্মসংস্থান এবং যুব সমাজের স্বার্থ রক্ষায় DYFI আগামী দিনেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে।সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, সাংগঠনিক সম্প্রসারণ এবং জনস্বার্থে আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
তেলিয়ামুড়ায় DYFI-এর বিভাগীয় সম্মেলন, বেকারত্ব ও নেশার বিরুদ্ধে সরব যুব সংগঠন
