Headlines

শর্তহীন ৩৩% নারী সংরক্ষণ কার্যকরের দাবিতে সরব গণতান্ত্রিক নারী সংগঠন, আগরতলায় কর্মসূচির ঘোষণা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA)-এর রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সংসদ ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কোনো শর্ত ছাড়াই অবিলম্বে কার্যকর করার দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী ২০ জুলাই আগরতলায় আন্দোলনমূলক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পাশাপাশি এনএফআইডব্লিউ (NFIW), এআইডব্লিউইউএমএস, এআইএএমএস, এআইএসএমসিসি এবং এআইএলইউ-সহ বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংগঠনের নেত্রী কৃষ্ণা রক্ষিত বলেন, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে দিল্লির যন্তরমন্তরে শর্তহীনভাবে ৩৩ শতাংশ নারী সংরক্ষণ কার্যকরের দাবিতে কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরই সমর্থনে আগরতলার বটতলায় আগামী ২০ জুলাই সকাল ১১টায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হবে।তিনি আরও অভিযোগ করেন, যন্তরমন্তরে আন্দোলনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক আটক করা হয়েছে, যার নিন্দা জানানো হয়। পাশাপাশি ছাত্র-যুবদের আন্দোলনের প্রতিও সংহতি প্রকাশ করেন তিনি।অন্যদিকে, সংগঠনের নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য অভিযোগ করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও কেন্দ্র সরকার নারী সংরক্ষণ আইন কার্যকর করতে পারেনি। তাঁর দাবি, ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) শর্ত হিসেবে যুক্ত করায় আইন বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী সংরক্ষণ আইন দ্রুত ও শর্তহীনভাবে কার্যকর করার দাবিতে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *