খোয়াই জেলার তেলিয়ামুড়া রেলস্টেশন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মলেন দেববর্মা।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে রেলস্টেশন এলাকার দোকানিরা দোকান খুলতে এসে একটি দোকানের খোলা ছাউনির নিচে মলেন দেববর্মার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।মৃতের ভাই জানান, মলেন দেববর্মা দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। তাঁর প্রাথমিক ধারণা, নেশাজনিত কারণেই এই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তিনি স্বীকার করেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তেলিয়ামুড়া রেলস্টেশনে যুবকের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
