আগরতলা, প্রতিনিধি: আগামী ৯ ও ১০ জুলাই হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’। এই কনক্লেভকে ঘিরে রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।রবিবার কনক্লেভের প্রস্তুতি পর্যালোচনায় আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় এবং জিএসডিপি উন্নয়নের জন্য দেশি-বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ত্রিপুরায় এই প্রথম এত বড় পরিসরে আন্তর্জাতিক মানের বিজনেস কনক্লেভের আয়োজন করা হচ্ছে।মুখ্যমন্ত্রী বলেন, গত বছরের কনক্লেভে প্রায় ৩০ হাজার কোটি টাকার সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল। এর মধ্যে ৮ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যেই মাঠ পর্যায়ে শুরু হয়েছে। এবারের কনক্লেভে স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, পর্যটন, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, লজিস্টিকস, রিয়েল এস্টেট, চা, রাবার ও আগরভিত্তিক শিল্পে সর্বাধিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান, কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর ও কেন্দ্রীয় পাবলিক সেক্টর সংস্থার ২০টিরও বেশি থিমভিত্তিক প্রদর্শনী স্টল থাকবে।এই আন্তর্জাতিক কনক্লেভে দেশ-বিদেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে বাংলাদেশ, ফিলিপিন্স, কাজাখস্তান, মালদ্বীপ, নেপাল ও উজবেকিস্তানের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এছাড়াও রাশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।দুই দিনের এই কনক্লেভে বিনিয়োগকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের সরাসরি বৈঠক, রাউন্ড টেবিল ডিনার, সেক্টরভিত্তিক উপস্থাপনা, অর্থনৈতিক ও ব্যবসায়িক সংস্কার নিয়ে আলোচনা এবং একাধিক MoU স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হবে। কনক্লেভের ইন্ডাস্ট্রি পার্টনার FICCI এবং সহযোগী সংস্থা Invest India।পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মীনারাণী সরকার, মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, প্রধান সচিব শান্তনুসহ বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা ও ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকের আগে মুখ্যমন্ত্রী নির্মীয়মাণ প্রদর্শনী স্টল ঘুরে দেখে প্রস্তুতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ত্রিপুরায় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা, ৯ জুলাই শুরু ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’
