Headlines

দশ বছরেও সংস্কার নেই, বেহাল রাস্তায় দুর্ভোগ খেদাবাড়ী জোলাইবাড়ির

নলছর বিধানসভা এলাকার খেদাবাড়ী জোলাইবাড়ির একমাত্র সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধের মুখে, চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, সোনামুড়া হাসপাতাল থেকে খেদাবাড়ি হয়ে তকসাপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ প্রায় দশ বছর ধরে কোনও উল্লেখযোগ্য সংস্কার বা নির্মাণকাজ হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার পিচ উঠে গিয়ে বর্তমানে অনেক জায়গায় সড়কের অস্তিত্বই যেন মাটির সঙ্গে মিশে গেছে।বেহাল রাস্তার কারণে সাধারণ যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনই জরুরি পরিষেবা পাওয়াও কঠিন হয়ে পড়েছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স চলাচল নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের।এলাকাবাসীর দাবি, এই রাস্তার জন্য প্রায় ২ কোটি টাকা বাজেট বরাদ্দের কথা থাকলেও এখনও পর্যন্ত কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে। কী কারণে এতদিন ধরে রাস্তার কাজ আটকে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।দ্রুত রাস্তার নির্মাণ ও সংস্কারকাজ শুরু করে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন খেদাবাড়ী জোলাইবাড়ির বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *