ঝড়-বৃষ্টির রাতে বজ্রপাতের জেরে ধাউ ধাউ করে জ্বলে উঠল একটি বিশাল তালগাছ। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল গাছটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও পাড়ায় ঢোকার মতো রাস্তা না থাকায় আগুন নেভানোর কাজে সরাসরি পৌঁছাতে পারেনি। ঘটনাটি সামনে আসতেই মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরও এলাকার বেশ কয়েকটি পরিবারের যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তা নেই। পাড়ায় ঢোকার একমাত্র পথটি অত্যন্ত সরু। বৃষ্টি হলেই সেই পথ হাঁটুসমান জলে ডুবে যায়। ফলে সাধারণ যানবাহন তো দূরের কথা, জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স কিংবা দমকলের গাড়িও এলাকায় ঢুকতে পারে না।সম্প্রতি বজ্রপাতের ঘটনায় একটি তালগাছে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাসিন্দারা খবর দেন মেলাঘর ফায়ার সার্ভিসে। দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেও অপ্রশস্ত রাস্তার কারণে পাড়ার ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। ফলে দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে যেতে হয় দমকল কর্মীদের।স্থানীয়দের দাবি, সমস্যাটি শুধু অগ্নিকাণ্ডের ক্ষেত্রেই নয়। কৃষিজ ফসল বা ধান কাঁধে করে প্রায় ৫০০ মিটার পথ হেঁটে মূল সড়কে নিয়ে যেতে হয় তাঁদের। অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়াও রীতিমতো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বৃষ্টির সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।এলাকাবাসীর প্রশ্ন, বড় কোনও দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার আগেই কি প্রশাসনের নজর পড়বে এই সমস্যার দিকে? দ্রুত উপযুক্ত রাস্তা নির্মাণ করে জরুরি পরিষেবার যানবাহন চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
রাস্তা নেই, আগুনে পুড়ল তালগাছ—মেলাঘরে জরুরি পরিষেবা নিয়ে বড় প্রশ্ন
