Headlines

দেবজ্যোতির মৃত্যুর পর শুদ্ধিকরণ, ১০৮ কলসির জলে জগন্নাথ দিঘিতে গঙ্গা পূজা

উদয়পুরের জগন্নাথ দিঘিতে মর্মান্তিক দুর্ঘটনার পর ধর্মীয় রীতি মেনে জল শুদ্ধিকরণের উদ্যোগ নেওয়া হলো। গত ৬ সেপ্টেম্বর দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন বসকো স্কুলের দশম শ্রেণির ছাত্র দেবজ্যোতি দে-র। এই ঘটনার পর থেকেই দিঘির জল ব্যবহার থেকে বিরত ছিলেন অনেক স্থানীয় বাসিন্দা।রবিবার সকালে উদয়পুর পুর পরিষদের সহযোগিতায় এবং উদয়পুর জগন্নাথ বাড়ি মন্দির উন্নয়ন কমিটির পরিচালনায় জগন্নাথ দিঘির ঘাটে বিশেষ গঙ্গা পূজার আয়োজন করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী দিঘির জল শুদ্ধিকরণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী গোমতী নদী থেকে ১০৮ কলসি জল নিয়ে আসা হয়। পরে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই জল জগন্নাথ দিঘিতে অর্পণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য, পুর পরিষদের প্রতিনিধিসহ এলাকার বহু ভক্তপ্রাণ মানুষ। পুরোহিতদের মন্ত্রপাঠ ও পূজা-পার্বণের মধ্য দিয়ে সম্পন্ন হয় গঙ্গা পূজার যাবতীয় কর্মসূচি।দেবজ্যোতি দে-র মৃত্যুর পর দিঘির জল ব্যবহারে যে অনীহা তৈরি হয়েছিল, রবিবারের এই ধর্মীয় আয়োজনের পর তা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী পূজা ও শুদ্ধিকরণ সম্পন্ন হওয়ায় জগন্নাথ দিঘির জল পুনরায় ব্যবহার করা যাবে।ধর্মীয় আবেগ, ঐতিহ্য ও মানুষের বিশ্বাসকে ঘিরে এদিন জগন্নাথ দিঘির ঘাটে ছিল ভক্তদের উল্লেখযোগ্য উপস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *