Headlines

ধজ্জ্বনগরে নার্সিং শিক্ষার নতুন দিগন্ত, উদ্বোধন নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউটের

উদয়পুর মহকুমার ধজ্জ্বনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন। নার্সিং শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে রবিবার দুপুরে প্রতিষ্ঠানের কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, সানি সাহা, সমীর চক্রবর্তী, টেপানিয়া আরডি ব্লকের বিডিও অর্জুন চন্দ্র দেবনাথ, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্না রানী দাস-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, গোমতী জেলার উদয়পুর মহকুমায় স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার পরিকাঠামোর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠছে। এর ফলে এলাকার শিক্ষার পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে। উদয়পুরে একের পর এক নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠাকে তিনি এলাকার জন্য ইতিবাচক ও গর্বের বিষয় বলে উল্লেখ করেন।তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও বিভিন্ন পরিকাঠামোগত ক্ষেত্রে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার কাজ করছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরির উপরও গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানের শেষে ফিতা কেটে কলেজের বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করেন অর্থমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা। নতুন এই নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *