Headlines

৮ টনের সেতুতে ১৬ টনের বোঝা! সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে বিপদের আশঙ্কা

দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে অতিরিক্ত ভারবাহী পণ্যবাহী যান চলাচলের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি ওজনের নির্মাণসামগ্রী বোঝাই গাড়ি নিয়মিত এই সড়ক দিয়ে চলাচল করছে।অভিযোগ, লোহার রড, সিমেন্ট, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বোঝাই ভারী যানবাহনের চলাচলের কারণে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাব্রুম-বৈষ্ণবপুর সড়ক এবং সংশ্লিষ্ট সেতুগুলি।বিশেষ করে বৈষ্ণবপুর বাজার সংলগ্ন লোহার সেতুটির ধারণক্ষমতা ৮ টন বলে দাবি স্থানীয়দের। অথচ ওই সেতুর উপর দিয়ে ১৫ থেকে ১৬ টন পর্যন্ত পণ্য বোঝাই যান চলাচল করছে বলে অভিযোগ উঠেছে। ফলে সেতুটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।এলাকাবাসীর আরও দাবি, গত বছর অতিরিক্ত পাথর বোঝাই ভারী যান চলাচলের জেরে এই সেতুটি ভেঙে পড়েছিল। এর ফলে দীর্ঘদিন এই পথে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল। সেই ঘটনার পরও যদি একইভাবে অতিরিক্ত ভারবাহী যান চলাচল অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।সরকারি অর্থে নির্মিত রাস্তা ও সেতুর উপর নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ভার নিয়ে যান চলাচল কীভাবে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালিয়ে সেতুর প্রকৃত ধারণক্ষমতা, যানবাহনের ওজন এবং চলাচলের অনুমোদন খতিয়ে দেখা হোক।এখন দেখার বিষয়, সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে অতিরিক্ত ভারবাহী যান চলাচলের এই অভিযোগের পর প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *