নিজস্ব সংবাদদাতা: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে ক্রমবর্ধমান যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যত্রতত্র যানবাহন পার্কিং এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা।শুক্রবার শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোডে দীর্ঘক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, প্রায় এক ঘণ্টা যান চলাচল কার্যত স্তব্ধ থাকলেও সেই সময় ট্রাফিক পুলিশের তৎপরতা চোখে পড়েনি। ফলে নিত্যযাত্রী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় রাস্তার ওপর অবাধে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়ছে এবং অল্প সময়ের মধ্যেই যানজট তৈরি হচ্ছে। এ বিষয়ে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।শহরবাসীর একাংশের অভিযোগ, শহরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক রাখার পরিবর্তে ট্রাফিক পুলিশ অনেক সময় শহরের বাইরের এলাকায় যানবাহন তল্লাশি ও জরিমানা আদায়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পরিবর্তে স্থানীয় টমটম চালকদের এগিয়ে আসতে দেখা যায় বলেও অভিযোগ উঠেছে।তবে এই অভিযোগগুলির বিষয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিকে শহরবাসীর দাবি, ধর্মনগরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলিতে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন, অবৈধ পার্কিং বন্ধ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত যানজট সমস্যার স্থায়ী সমাধান করা হোক।
ধর্মনগরে তীব্র যানজট, ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
