নিজস্ব সংবাদদাতা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমারঘাটে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করলেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ ও সহায়িকারা। ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শেষে মহকুমা শাসক (SDM)-এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।আন্দোলনকারীদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম (SNP) পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তাঁদের দাবি, বিভাগ নির্ধারিত বরাদ্দের তুলনায় বাজারে ডিম, সয়াবিন তেল, ছানা, চিঁড়া, সুজি এবং মোবাইল রিচার্জের খরচ অনেক বেশি হওয়ায় অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের রাজ্য সভানেত্রী আল্পনা দেবনাথ, ভারতীয় মজদুর সংঘের ঊনকোটি জেলা সম্পাদক পীযূষ দাস, পেচারথল প্রকল্পের সভানেত্রী নয়ন মল্লিকা চাকমা, কুমারঘাট প্রকল্পের সভানেত্রী অঞ্জলি দেবনাথ-সহ বহু কর্মী ও সহায়িকা।সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল্পনা দেবনাথ ও পীযূষ দাস অভিযোগ করেন, কিছু বিরোধী সংগঠনের সদস্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তাঁরা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যায্য দাবিগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন।
৮ দফা দাবিতে কুমারঘাটে অঙ্গনওয়াড়ি কর্মীদের মিছিল, SDM-কে স্মারকলিপি
