ধর্মনগর: বিশুদ্ধ ও পরিশোধিত পানীয় জলের দাবিতে ফের আন্দোলনে নামল ধর্মনগর ব্লক যুব কংগ্রেস। বুধবার চার দফা দাবিকে সামনে রেখে ধর্মনগর DWS ডিভিশনের নির্বাহী বাস্তুকারের কার্যালয়ের সামনে এক ঘণ্টার গণধর্না ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।যুব কংগ্রেসের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছেন। কেন্দ্রের ‘জল জীবন মিশন’-এর আওতায় বিপুল অর্থ বরাদ্দ হলেও প্রকল্পের বাস্তবায়ন নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।তাদের অভিযোগ, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, স্মল বোর ডিপ টিউবওয়েল ও পাইপলাইন স্থাপন-সহ বিভিন্ন কাজে বিপুল অর্থ ব্যয়ের হিসাব দেখানো হলেও বাস্তব কাজের সঙ্গে তার অসঙ্গতি রয়েছে। সরকারি নথিতে যে পরিমাণ পাইপলাইন বসানোর কথা উল্লেখ রয়েছে, তার একটি বড় অংশ বাস্তবে বসানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।এছাড়াও বহু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বর্তমানে অচল এবং কিছু চালু প্ল্যান্ট থেকেও আয়রনযুক্ত বা অপরিশোধিত জল সরবরাহ করা হচ্ছে বলে দাবি যুব কংগ্রেসের। এর ফলে জলবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে বলে অভিযোগ তাদের।এদিনের কর্মসূচি থেকে ২০১৯-২৩ সময়কালের প্রকল্পের কাজের তদন্ত, অনিয়মের অভিযোগে ভিজিল্যান্স তদন্ত এবং সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সম্পত্তির হিসাব খতিয়ে দেখার দাবি জানানো হয়।যুব কংগ্রেসের হুঁশিয়ারি, ধর্মনগর মহকুমার প্রতিটি মানুষের কাছে পর্যাপ্ত ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
ধর্মনগরে বিশুদ্ধ জলের দাবিতে যুব কংগ্রেসের ধর্না! জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ
