উদয়পুর: খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ফের বড়সড় অভিযানে নামল উদয়পুর মহকুমা প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর, ফুড সেফটি বিভাগ, খাদ্য দপ্তর এবং লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকরা যৌথভাবে এই অভিযান চালান।উদয়পুরের ব্রহ্মাবাড়ি বাজার থেকে মাতাবাড়ি বাজার পর্যন্ত বিভিন্ন দোকান, মিষ্টির দোকান, হোটেল ও আইসক্রিম ফ্যাক্টরিতে তল্লাশি চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যসামগ্রী ও ঠান্ডা পানীয় উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।এছাড়াও দুটি আইসক্রিম ফ্যাক্টরিতে তল্লাশি চালিয়ে প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের মতো অনিয়ম নজরে আসে। এরপরই সংশ্লিষ্ট দুই আইসক্রিম ফ্যাক্টরি সিল করে দেয় প্রশাসন।জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. শুভেন্দু দেববর্মা জানান, ভোক্তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হচ্ছে। অনিয়ম পাওয়া প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে অনিয়মের জন্য সংশ্লিষ্ট দোকান ও প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী দিনে আইন অনুযায়ী আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা।প্রশাসনের এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ব্যবসায়ী মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।
উদয়পুরে প্রশাসনের অভিযান! মেয়াদোত্তীর্ণ খাবার উদ্ধার, সিল দুই আইসক্রিম ফ্যাক্টরি
