বাইশঘড়িয়া: রাতের অন্ধকারে কৃষকের ফসলের খেতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলার অভিযোগ, যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক সাধন মজুমদার।জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার কৃষিকাজ শেষ করে জমি থেকে বাড়ি ফিরে যান সাধনবাবু। পরদিন সকালে খেতে গিয়ে তিনি দেখতে পান, জমিতে থাকা বেগুন গাছগুলোর অধিকাংশই মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে। চোখের সামনে কয়েক মাসের পরিশ্রমের ফসল নষ্ট হয়ে যেতে দেখে হতবাক হয়ে পড়েন তিনি।ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, রাতের আঁধারে পরিকল্পিতভাবে তাঁর কৃষিজমিতে ঢুকে প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এতে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি তাঁর দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগও কার্যত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।সাধন মজুমদারের দাবি, এই ঘটনায় তাঁর এক লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। ফসল বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি ভবিষ্যতের আয়ের আশায় তিনি জমিতে বেগুন চাষ করেছিলেন। কিন্তু রাতারাতি সেই স্বপ্ন ভেঙে পড়েছে বলে আক্ষেপ করেন তিনি।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।তবে ঘটনাটি নিছক দুষ্কৃতীদের তাণ্ডব, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে।
রাতের আঁধারে কৃষকের খেতে তাণ্ডব! উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ
